সিরাজগঞ্জে মানহানি মামলায় মুফতি আমীর হামজার জামিন

আমিনুল ইসলাম হিরো,সিরাজগঞ্জ  :
সিরাজগঞ্জ সদর ও চৌহালী আমলি আদালতে দায়ের করা পৃথক দুইটি মানহানি মামলায় জামিন পেয়েছেন মুফতি আমীর হামজা। রোববার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আদালতের এপিপি ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে ২ এপ্রিল তার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমীর হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর ছোট ছেলে আরাফাত রহমান কোকো-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা আরেকটি মানহানি মামলায়ও তাকে জামিন দেন সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি একটি ইসলামি ওয়াজ মাহফিলে মুফতি আমীর হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ছোট ভাই আরাফাত রহমান কোকো-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়।
এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান চলতি বছরের ২০ জানুয়ারি আমীর হামজার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন।
রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর দুই মামলাতেই তিনি জামিন লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *