মির্জাপুরে ব্রাজিলের পতাকা ছাদ থেকে ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু 

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে একটি ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান(৩০)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।স্থানীয়দের একাংশের ধারণা, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ছাদ থেকে ব্রাজিলের পতাকা ধরতে গিয়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
রোববার সকাল আনুমানিক ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মির্জাপুর কুয়াশা হোটেল সংলগ্ন গাড়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।তিনি সপরিবারে মির্জাপুরের গাড়াইল গ্রামের জুয়েল তালুকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সকাল ৯টার দিকে গাড়াইল এলাকায় জুয়েল তালুকদারের ভাড়া বাসার ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে যান রায়হান।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রায়হানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ফুটবল উন্মাদনায় মেতে ছাদের রেলিংয়ে ব্রাজিলের পতাকা ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান।
ওই ভবনের মালিক জুয়েল তালুকদার জানান, ওই যুবক মানসিক রোগী ছিলেন। তার ঘরে স্ত্রী-সন্তানও রয়েছে। সে ব্রাজিলের সমর্থক ছিলেন। এ কারণে সে অন্যদের মতো ব্রাজিলের একটি পতাকা ছাদে টাঙিয়েছিলেন।প্রতিদিনের মতো আজও ছাদে গিয়েছিলেন।নিচ থেকে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি পতাকা ধরতে গিয়ে সে নিচে পড়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, রায়হান মূলত একজন মানসিক রোগী ছিলেন।প্রায় সময়ই তিনি অস্বাভাবিক আচরণ করতেন। আজ সকালে তিনি হঠাৎ করেই ছাদে চলে যান এবং অসাবধানতাবশত নিচে পড়ে যান।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান,খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মানসিক অসুস্থতার কথা বলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *