আদমদীঘিতে এমপির বিরুদ্ধে কেজি স্কুল দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গত ১৭ জুন বগুড়া প্রেসক্লাবে আদমদীঘির এমপি ও বিএনপি নেতার বিরুদ্ধে কেজি স্কুল দখল ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বুধবার (১৭ জুন) দুপুরে আদমদীঘি বিদ্যাবিথী মডেল বিদ্যালয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, প্রতিষ্ঠানের হিসাব শাখা সহ অতিরিক্ত অফিস সহকারির দায়িত্ব পালনকারী রাবেয়া সুলতানা দীনা।

তিনি সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৭ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন দৈনিক করতোয়া-সহ কয়েকটি পত্রিকায় আদমদীঘি বিদ্যাবিথী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের বোন পরিচয়দানকারী রেনুকা বেগম স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদারের বিরুদ্ধে প্রতিষ্ঠান দখল ও অর্থ আত্মসাতের যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক এবং সম্পূর্ণ অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

অত্র প্রতিষ্ঠানের নামে আদমদীঘি ইসলামী ব্যাংক শাখায় যে হিসাব নম্বর খোলা রয়েছে তাতে অদ্যবধি পর্যন্ত ১৪ লাখ ৩৬ হাজার ৩০৩ টাকা জমা রয়েছে। প্রতিষ্ঠানের কোন অর্থ আত্মসাৎ বা প্রতিষ্ঠান দখল হয়নি। বরং প্রতিষ্ঠানটি ধ্বংস করার জন্য একটি মহলের অপচেষ্টা থেকে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও বিএনপি নেতা আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা প্রতিষ্ঠানকে রক্ষা করে সুনামের সহিত কার্যক্রম অব্যাহত রেখেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল হক, বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের স্ত্রী হাবিবা সুলতানা, ভাই অমর ফিরোজ এবং শিক্ষক প্রতিনিধি সাধন কুমার পাল।

এক প্রশ্নের জবাবে অমর ফিরোজ ও হাবিবা সুলতানা জানান, এমপি ও বিএনপির নেতার অর্থ আত্মসাত কাল্পনিক ও মিথ্যা। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে পর্যাপ্ত অর্থ রয়েছে। একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *