পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

পিরোজপুর প্রতিনিধি:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পিরোজপুরের যৌথ আয়োজনে দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি গ্রামীণ উন্নয়ন। গ্রামকে স্বনির্ভর, উৎপাদনমুখী ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বিআরডিবির বিভিন্ন প্রকল্প নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিআরডিবি পিরোজপুরের উপপরিচালক মো. নাজমুল আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ সুবিধাভোগীদের পুরস্কৃত করা হয়। এছাড়া কিশোরী সংঘের সদস্যদের জমাকৃত সঞ্চয়ের বিপরীতে দ্বিগুণ উৎসাহ বোনাসের চেক এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *