সিরাজগঞ্জের সলঙ্গা মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার লেনদেন, রাজস্ব বঞ্চিত সরকার

 আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকায় গড়ে ওঠা বৃহৎ মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার লেনদেন হলেও এটি এখনো সরকারি ইজারা ব্যবস্থার আওতায় আসেনি। এতে সরকারের সম্ভাব্য বিপুল রাজস্ব আয় বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন ধরে কার্যক্রম চলমান থাকলেও আড়ৎটি যথাযথভাবে ইজারাভুক্ত না হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, সলঙ্গা এলাকায় গড়ে ওঠা এই আড়ৎকে কেন্দ্র করে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ক্রেতা-বিক্রেতারা সমবেত হন। এখানে দৈনিক বিপুল পরিমাণ লেনদেন হয়, যার বাজারমূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আড়ৎ সংশ্লিষ্টদের মতে, আধুনিক সুযোগ-সুবিধা এবং সংগঠিত ব্যবস্থাপনার কারণে এটি উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে। এখানে স্থানীয় ও দূরবর্তী এলাকার অসংখ্য ব্যবসায়ী নিয়মিতভাবে লেনদেন করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, এত বড় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলেও সরকারি নিয়ন্ত্রণ ও ইজারা ব্যবস্থার বাইরে থাকায় রাষ্ট্র নিয়মিত রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে একদিকে রাজস্ব বৃদ্ধি পাবে, অন্যদিকে আড়ৎটির কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, কুতুবের চর মৎস্য আড়ৎ সংক্রান্ত একটি রিট পিটিশন বর্তমানে মাননীয় হাইকোর্টে বিচারাধীন রয়েছে। বিষয়টি বিচারাধীন থাকায় এ মুহূর্তে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আদালতের নিষ্পত্তির পর আইনগত কাঠামোর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *