বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আমিনুল ইসলাম হিরো,সিরাজগঞ্জ  :
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের  নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) ভোররাত ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী আঞ্চলিক  সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জের সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আসিফ বন্ধুদের সঙ্গে বসে  বিশ্বকাপ ফুটবল খেলা শেষে ভোররাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আসিফ। পথে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসিফের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *