নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের নিয়ে চলমান নেতিবাচক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম। তিনি অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি সস্তা জনপ্রিয়তা ও ভিউ পাওয়ার নেশায় ভিপি নুরের নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
নিজের ব্যক্তিগত ফেসবুক ও বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় মনিরুল ইসলাম মাসুম স্পষ্টভাবে বলেন, “ভিপি নুরের নামে কুৎসা রটালে ভিউ ব্যবসা জমে, তাঁর নাম জড়ালে বাজারে কাটতি বাড়ে, আবার তাঁর সমালোচনা করলে মানুষ চিনে—এ যেন এক নতুন ট্রেন্ড। কিন্তু এই প্রবণতা রাজনৈতিক পরিশীলিত রুচিশীলতার পরিচয় বহন করে না।”
সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “ওহে ভাতিজি! আব্বুর নাম নিয়ে যদি মার্কেট পেতে চাও, তবে অন্তত বাপের অবদানকে খাটো না করে সত্য প্রকাশে যত্নবান হও। অন্যের কাঁধে ভর করে প্রচার পাওয়ার চেয়ে নিজের কর্মগুণে পরিচিতি অর্জন করা বেশি সম্মানের।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক অঙ্গনে নাসিরুদ্দিন পাটোয়ারী হওয়ার আকাঙ্খা বা এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সুস্থ ধারার রাজনীতির পরিচায়ক নয়। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান মনিরুল ইসলাম মাসুম।
তিনি মনে করেন, রাজনীতির নামে ব্যক্তি আক্রমণ বন্ধ করে গঠনমূলক আলোচনার সংস্কৃতি গড়ে তোলাই বর্তমান সময়ের দাবি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর এই প্রতিযোগিতামূলক সংস্কৃতির বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
