বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিনটি ফ্লাইট

এশিয়ান বার্তা নিউজ

দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে তিনটি দূরপাল্লার ও অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তর ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল থেকে চট্টগ্রামে প্রচণ্ড বৈরী আবহাওয়া এবং রানওয়েতে ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকার কারণে ফ্লাইটগুলো অবতরণ করতে পারেনি।

ঢাকায় ডাইভার্ট হওয়া ফ্লাইট তিনটি হলো- আবুধাবি থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের চট্টগ্রামগামী ফ্লাইট বিএস-৩৫০, শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জিনাইন-৫২৬ এবং ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিজি-১২১।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় তাদের নির্ধারিত গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ রওনা হওয়ার প্রক্রিয়া শুরু করবে। তবে হঠাৎ ফ্লাইট ডাইভার্ট হওয়ায় সাধারণ যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *