বিশ্ব জনসংখ্যা দিবসে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ পেল শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা

 

আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা :
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদকে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের কাছ থেকে মোসাম্মৎ ফাহিমা খাতুন এ সম্মাননা গ্রহণ করেন ।

অনুষ্ঠানে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন ।

সম্মাননা সনদে উল্লেখ করা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদকে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মা স্বাস্থ্যসেবা কেন্দ্রের (এনএসএস), এসএমসি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ।
বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের এই অর্জন অন্যান্য ইউনিয়ন পরিষদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন এবং সচিব মোঃ মাইনুল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *