পঞ্চগড়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃ/ত্যু

আবু সাঈদ পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে মামুন ইসলাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মালচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন ইসলাম ওই এলাকার খাদেমুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ আবাদি জমিতে পাট কাটার কাজ করছিলেন মামুন, এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে, মাঠেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে প্রতিকূল আবহাওয়ায় খোলা মাঠ, কৃষিজমি কিংবা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *