বাগাতিপাড়ায় ফিলোনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন অপু,
বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফিলোন পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডস এবং ফিলোন ডেভেলপমেন্ট পিএলসির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বড়বাঘা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিলোন পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডস, ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি এবং ফিলোন সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও বাগাতিপাড়া ইউনিয়নের সাবেক জামায়াতে আমির মুহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশিদ সোনা। বিশেষ অতিথি ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুল বাতেন এবং যুবদল নেতা তরিকুল ইসলাম তরু। এছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কোম্পানির প্রতিষ্ঠাতা এস এম ফখরুল আলম বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই চেতনাকে ধারণ করেই ফিলোন পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডস প্রতিবছর স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করারও একটি গুরুত্বপূর্ণ সময়। তিনি বলেন, সমাজের কল্যাণে এবং মানুষের পাশে দাঁড়াতে ফিলোন গ্রুপ ভবিষ্যতেও নানা সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *