বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং বিআরডিবি সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান।

সভায় বক্তারা বলেন, পল্লী এলাকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তারা গ্রামীণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা ক্যাবের সভাপতি মো. আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিআরডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিআরডিবি সমিতির ৩১ জন সদস্যের মধ্যে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

One thought on “বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *