বিহারে একটি জুয়েলারি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে হামলার শিকার হয়েছেন ভোজপুরী অভিনেত্রী কাজল রাঘওয়ানি। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাকে একনজর দেখতে ও ছবি তুলতে না পেরে একদল লোক তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে।
হামলায় অভিনেত্রীর গাড়ির একটি কাঁচ ভেঙে যায় এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
তবে ঘটনার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় কাজল রাঘওয়ানি জানান, তিনি ও তার পুরো টিম নিরাপদে আছেন। তিনি বলেন, ‘আমি একেবারেই ঠিক ও সুস্থ আছি। কারও কোনো ক্ষতি হয়নি। অনেকে ফোন করে আমার খবর নিচ্ছেন। সবাইকে বলছি, আমি ভালো আছি। দয়া করে কেউ চিন্তা করবেন না।’
ভক্তদের ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিজেদের যত্ন নেওয়ারও আহ্বান জানান অভিনেত্রী।
জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিহারের নালন্দা জেলার বিহার শরিফে একটি জুয়েলারি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল। তাকে একনজর দেখা ও সেলফি তোলার জন্য শোরুমের বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শোরুমের মূল ফটক বন্ধ করে দেওয়া হলেও বাইরে ভক্তদের ভিড় ছিল। অনুষ্ঠান শেষে কাজল ছবি না তুলেই গাড়িতে করে চলে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতার একটি অংশ গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার সময় গাড়ির একটি কাঁচ ভেঙে যাওয়ার দৃশ্য দেখা যায়।
২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় কাজল রাঘওয়ানির। এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
