সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। নিহত পরিবারের সদস্যদের মধ্যে বাবা-মা এবং তাদের পাঁচ সন্তান রয়েছেন।

রোববার আল-উকাইর-আল-উয়ুন সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের ট্রাফিক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি গাড়িতে থাকা একই পরিবারের সাতজন ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে ছিলেন বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে।

অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।

পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি গাড়ি হঠাৎ গতিপথ পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পর দুর্ঘটনার কারণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *