সারের দাবিতে কৃষকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

সারের ন্যায্য দাবি আদায়ে গ্রেপ্তার কৃষকদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সার বিতরণে অনিয়ম বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন অভিযোগ করেন, ডিলার সিন্ডিকেটের কারণে কৃষকেরা সারসংকটে পড়ছেন। ন্যায্য দাবি জানাতে গিয়ে কৃষকদের বিরুদ্ধে মামলা ও হয়রানি করা হচ্ছে। তিনি গ্রেপ্তারদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার বিতরণ নিয়ে কৃষকদের সঙ্গে ডিলারের বিরোধের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

সমাবেশে বিভিন্ন কৃষক, ভূমিহীন ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। পরে একটি প্রতিনিধি দল কৃষকদের সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী বরাবর প্রদান করে।

স্মারকলিপিতে কৃষকদের মুক্তি, মামলা প্রত্যাহার, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত, সার বিতরণে অনিয়ম বন্ধ, চাহিদা অনুযায়ী সার সরবরাহ এবং কৃষি উপকরণ ন্যায্যমূল্যে নিশ্চিত করার দাবি জানানো হয়।

এবি/আকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *