মির্জাপুরে ফার্মাসিস্ট দিয়ে চলছে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

টাঙ্গাইলের মির্জাপুরে পর্যাপ্ত জনবল না থাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। চিকিৎসকের পরিবর্তে ফার্মাসিস্ট দিয়ে চলছে ভাওড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। সপ্তাহে নামমাত্র দুই-তিন দিন কেন্দ্রটি খোলা থাকায় প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ।

২০২১ সালে সরকারি অর্থায়নে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের হারিয়া গ্রামে কেন্দ্রটি স্থাপন করা হয়। স্থানীয়দের প্রত্যাশা ছিল, সাধারণ চিকিৎসার পাশাপাশি এখানে নিরাপদ মাতৃত্ব ও স্বাভাবিক প্রসবের সুবিধাও মিলবে। তবে পাঁচ বছরেও সেই প্রত্যাশা পূরণ হয়নি।

কেন্দ্রটিতে স্বাভাবিক প্রসবের কক্ষ, চিকিৎসাকক্ষ ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো নষ্ট হওয়ার পথে। পাশাপাশি রয়েছে ওষুধের সংকট।

কেন্দ্রটির ফার্মাসিস্ট রমেন কুমার পাল জানান, দীর্ঘ সাত মাস পর সম্প্রতি একবার ওষুধ সরবরাহ করা হয়েছে। ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবেদ কর্মকার জানান, পূর্ণাঙ্গ সেবা চালুর জন্য প্রয়োজনীয় জনবলের অনুমোদন এখনো পাওয়া যায়নি। ফলে কেন্দ্রটিতে নির্ধারিত চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

 

এবি/আকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *