সীমান্তে মাদকের আগ্রাসন রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে: আতাউর রহমান সরকার

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আতাউর রহমান সরকার বলেছেন, সীমান্ত এলাকার সুযোগকে কাজে লাগিয়ে মাদকের ভয়াবহ আগ্রাসন সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি অভিযোগ করেন, সমাজ ও রাজনীতির কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে মাদকের বিস্তার ঘটাচ্ছেন। এ অবস্থা চলতে দেওয়া যায় না।

শনিবার (২৭ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটে কসবায় উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নুরুল আমিন ও কসবা পৌরসভা সেক্রেটারি গোলাম সারওয়ারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী এবং জেলা যুব ও আইনবিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ, উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানী, জামায়াত নেতা কবির আহমেদ ও শামিম রেজা।

আতাউর রহমান সরকার বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংস করে।” তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে অনেক সময় শুধু খুচরা কারবারিরা ধরা পড়ে, কিন্তু মাদকের মূল হোতা, সরবরাহকারী ও প্রভাবশালী পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে মাদক নির্মূল সম্ভব নয়।

তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকের মূল হোতা, সরবরাহকারী ও সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও সময় ব্যবহারের দিকে নজর রাখতে হবে এবং ভালোবাসা, আদর্শ ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মাদকের কোনো ধর্ম নেই এবং এতে কোনো কল্যাণও নেই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক্ত, নিরাপদ ও আদর্শ কসবা-আখাউড়া গড়ে তোলার আহ্বান জানান তিনি।

র‍্যালিটি কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ গেট থেকে শুরু হয়ে নতুন বাজার ও পুরাতন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা টাওয়ারের সামনে সমাবেশে মিলিত হয়।

এদিকে, আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুঁইয়ার নেতৃত্বে আরেকটি মাদকবিরোধী র‍্যালি মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে আখাউড়া রেলস্টেশন চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন খান, সহকারী সেক্রেটারি সানাউল্লাহ, পৌরসভা আমীর মোরশেদুল আলম, আজিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *