নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
বাংলাদেশ সীমান্তে প্রতিবেশী দেশ ভারতের অব্যাহত ‘জোরপূর্বক পুশ-ইন’ এবং আগ্রাসনের নগ্ন তৎপরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্তে উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
রাজধানীর পল্টনে আল-রাজি কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মিছিলে অংশ নেন দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী।

এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নিজ এলাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম। তিনি বলেন, “প্রতিবেশী দেশের এই উস্কানিমূলক কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। বাংলাদেশের মানচিত্রের দিকে আর কোনো কুদৃষ্টি দেওয়া বরদাশত করা হবে না।”
কর্মসূচিতে অংশ নিয়ে মনিরুল ইসলাম মাসুম আরও বলেন, “দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে কোনো অন্যায়ের কাছে মাথানত করা হবে না। আমরা গণতন্ত্র, ন্যায়বিচার এবং দেশের সীমানার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আজকের এই বিক্ষোভ কেবল ঢাকার নয়, বরং দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা একটি সম্মিলিত আওয়াজ।”
তিনি বিভেদ ভুলে জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারী কেন্দ্রীয় ও মহানগরীর সকল নেতৃবৃন্দ এবং কর্মীদের সংগ্রামী অভিবাদন জানিয়ে তিনি বলেন, “আমাদের এই লড়াই দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের উচিত এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া।”
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদ ও ভিপি নুরুল হক নূরের আদর্শে অনুপ্রাণিত শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা অবিলম্বে সীমান্তে আগ্রাসন বন্ধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
