কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল।
গ্রেপ্তার যুবকের নাম মো. জোনায়েত (২৬)। তিনি ক্যাম্প-১৬, ব্লক-সি-২, সুবলংকাটা এলাকার বাসিন্দা নরু হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী পানির পয়েন্টের উত্তর দিকে পোগরবুলখালী এলাকায় বিশেষ টহল পরিচালনা করছিল বিজিবির একটি দল। এ সময় হোসেন বলীর ঘেরের দক্ষিণ পাশ দিয়ে মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। তার হাতে লুঙ্গি দিয়ে মোড়ানো দুটি পোটলা থাকায় সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাকে আটক করেন। পরে তার বহন করা পোটলাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের ৩১টি কার্টনে মোট ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোনায়েত মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
