রাজশাহীতে অনুমোদন ছাড়াই কেক উৎপাদন, বেকারিকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘মায়ের দোয়া বেকারি’ নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ ছাড়াই ‘ডেকোরেটেড কেক’ বা জন্মদিনের কেক উৎপাদন ও বাজারজাত করছিল। অভিযানে বেকারিটির উৎপাদন কার্যক্রমে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *