♦️প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬♦️ দেশের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করা জাতীয় অঙ্গীকারের প্রতিফলন

 

চট্টগ্রাম ব্যুরো :

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিল্পব স্মৃতি হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি, আবু সুফিয়ান এমপি, বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ কমিশনার শওকত হোসেন, এসপি মাসুদ আলম সহ উর্ধতন কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় দেড় কোটি শিক্ষার্থীর সম্পৃক্ততায় শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আগামী সেপ্টেম্বর মাসে শুরু হতে যাচ্ছে। এই বিশাল আয়োজন উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গেলে তিনি উদ্বোধনী অনুষ্ঠান বন্দর নগরী চট্টগ্রামে আয়োজনের জন্য নির্দেশ দেন। তারই আলোকে আমরা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন।

এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তি মূলক করা জাতীয় অঙ্গীকারের প্রতিফলন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়ার উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানে ‘ট্যালেন্ট হান্ট’ স্কিম চালু, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানব সম্পদে পরিণত করার যে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সেই লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এবারের প্রতিযোগিতা দেশের শিক্ষা ইতিহাসে অন্যতম বৃহৎ অংশগ্রহণ নিশ্চিত হতে যাচ্ছে। এই মহা আয়োজনে যুক্ত হবে দেশের মোট ৪০,২৩১টি শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে ১৯,২১১টি মাধ্যমিক বিদ্যালয়, ১,৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩,৩৮০টি কলেজ, ৯,২৯৬টি মাদ্রাসা এবং ৬৭৮৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী সম্পৃক্ত হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৬০ লক্ষেরও বেশি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম মহানগরীতে তাঁরই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা একটি অসাধারণ অনুষ্ঠান উপহার দিতে চাই। এই অনুষ্ঠান চট্টগ্রামে আয়োজনে তাঁর ইচ্ছার যথাযথ মর্যাদা দিতে আমরা প্রস্তুত। আপনাদের সার্বিক সহযোগিতায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন করে আমরা আরো একটি মাইল ফলক রচনা করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *