নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকার অতি সন্নিকটে অবস্থিত সাভার পৌরসভাকে আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি মাদকমুক্ত শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের উদীয়মান তরুণ নেতা মনিরুল ইসলাম মাসুদ। আসন্ন পৌরসভা নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
মনিরুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তরুণ এবং পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিক হিসেবে এলাকায় পরিচিতি পাওয়া এই নেতা বলেন, ‘সাভার ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সুযোগ পেলে আমি সাভারকে ঢাকার আধুনিকতার আদলে সাজিয়ে তুলব। নাগরিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান লক্ষ্য।’
সাভারের ক্রমবর্ধমান সামাজিক সমস্যার সমাধানে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘বর্তমানে সাভারের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাই, তবে প্রথমেই মাদকের আখড়া নির্মূল ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। সাভারবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দেওয়া আমার অঙ্গীকার।’
সাভার একটি শিল্পপ্রধান এলাকা হওয়ায় এখানকার শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মনিরুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘সাভারে বিপুল সংখ্যক শ্রমিক ভাই-বোন বসবাস করেন, যারা এখানকার রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তাদের ন্যায্য অধিকার রক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নে আমি নিয়মিত কাজ করতে চাই। শ্রমিক ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির মূল ভিত্তি।’
আগামী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী। নিজের পরিশ্রমে এবং সাধারণ মানুষের সমর্থনে সাভারকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
