বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

এশিয়ান বার্তা নিউজ

দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান (সি-সেকশন) অপারেশনের প্রবণতা রোধে আগামী ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। কিছু বেসরকারি ক্লিনিক ও দালালচক্র গর্ভবতী নারীদের নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে সিজারিয়ান করাতে উদ্বুদ্ধ করছে। অনেক ক্ষেত্রে ‘অপারেশন না করলে মা বা সন্তান বাঁচবে না’—এমন আশঙ্কা তৈরি করে পরিবারগুলোকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়।

তিনি বলেন, একসময় দেশে অধিকাংশ সন্তান স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নিত। কিন্তু বর্তমানে বাণিজ্যিক মনোভাবের কারণে অপ্রয়োজনীয় সিজারিয়ানের প্রবণতা বেড়েছে, যা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মন্ত্রী জানান, সব বেসরকারি ক্লিনিকে মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগও বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে গর্ভবতী নারীরা স্থানীয় পর্যায়ে সঠিক পরামর্শ পাবেন এবং স্বাভাবিক প্রসবে উৎসাহিত হবেন।

মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অপুষ্টি, অল্প বয়সে বিয়ে এবং মায়েদের দুর্বল স্বাস্থ্য শিশুদের বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ দেওয়া হবে এবং তাদের একটি বড় অংশ মিডওয়াইফ হিসেবে কাজ করবেন, যাতে প্রত্যন্ত অঞ্চলেও মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।

কর্মশালায় জানানো হয়, একজন মিডওয়াইফ ৪০টি স্বাভাবিক প্রসব করানোর পর নিবন্ধন পান। প্রতি বছর প্রায় ৫ হাজার ৮০০ জন দক্ষ মিডওয়াইফ তৈরি হলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে অধিকাংশই পেশায় টিকে থাকতে পারছেন না। বেসরকারি হাসপাতালগুলোতে বছরে মাত্র ৫০০ জনের কর্মসংস্থান হয়, বাকিদের সাধারণ নার্স হিসেবে কাজ করতে হয়।

বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় সংগঠনের সাধারণ সম্পাদক হাসনা আখতার, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

3 thoughts on “বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *