আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে জিগরি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে দেশব্যাপী ঘোষিত পাঁচ বছর মেয়াদি পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আম ও কাঁঠালের মোট ৪০০টি চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহাব উদ্দিন। তিনি বলেন, “দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, দেশ হবে সবুজ ও বাসযোগ্য।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জিগরি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তারিক আজিজ, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাম্মদ ফাহিমা খাতুন, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাফিজ উদ্দিন । মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, তারা নিজ নিজ বাড়িতে গাছের চারা রোপণ ও পরিচর্যা করবেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবেন।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
