দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি সামাজিক সংগঠনের রোপণ করা ৬০টি আমগাছ কেটে ও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে সংগঠনটির প্রায় ৩৮ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছেও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সংগঠন ‘গুড়গুড়ি মধ্যপাড়া ইয়ং স্টার ক্লাব’-এর সভাপতি মোঃ আজিজুল হক গত ২৯ জুন মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গুড়গুড়ি মধ্যপাড়া ইয়ং স্টার ক্লাবের সদস্যরা গত ২০১৫ সালে সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় একটি সরকারি রাস্তার ধারে ৬০টি আমগাছ রোপণ করেন। কিন্তু কিছুদিন পর অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গাছগুলোর ডালপালা ভেঙে ও উপড়ে নষ্ট করে ফেলে। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে আবারও একই স্থানে নতুন করে ৬০টি আমগাছ লাগানো হয়।
অভিযোগে বলা হয়, গত ২৭ জুন গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ কামরুজ্জামান রাস্তার ধারে বড় হওয়া ওই আমগাছগুলো কেটে ও ভেঙে ফেলেন। বিষয়টি দেখতে পেয়ে সংগঠনের সদস্যরা কামরুজ্জামানকে গাছ কাটার কারণ জিজ্ঞেস করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়।
এলাকার বাসিন্দা মোঃ রেজেয়ান, মোঃ রাজু ও মোঃ আহসান হাবীব ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত কামরুজ্জামান এলাকায় খামখেয়ালি ও উগ্র প্রকৃতির লোক হিসেবে পরিচিত। তিনি প্রায়ই প্রতিবেশীদের নানা ক্ষতিসাধন করেন। রাস্তার গাছগুলো বড় হয়ে উঠলে পরিবেশের উপকার হতো, কিন্তু তিনি বারবার গাছগুলো কেটে নষ্ট করছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ কাটার বিষয়ে ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
