রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাণীশংকৈল কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা শাকিল হোসেন এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবির পরিদর্শক ইমরান আলী।
আলোচনা সভায় সফল পল্লী উদ্যোক্তা হিসেবে বিউটি আক্তার ও রাজ্জাক আলী তাঁদের উদ্যোক্তা জীবনের সংগ্রাম, অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, স্থানীয় উদ্যোক্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে গ্রামের মানুষকে দক্ষ, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
