জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

 

শাহ্ আলম শাহী,দিনাজপুর:
জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ লক্ষ্যে সীমান্তজুড়ে টহল জোরদার করার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে দিনাজপুর সীমান্তে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

সেক্টর কমান্ডার বলেন, কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, অতীতে বিভিন্ন সময় অসাধু চক্র সীমান্তপথে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের চেষ্টা করেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এদিকে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা দেখা যাচ্ছে। এ সুযোগে অধিক মুনাফার আশায় এক শ্রেণির পাচারকারী সীমান্ত দিয়ে গোপনে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে। এমন তথ্যের ভিত্তিতেই সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *