গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নদী থেকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশেপাশে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ভিড় জমান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিবিড় তদন্ত চলছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিহতের পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
