গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি (জিএম সবুজ)

গোপালগঞ্জে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে ২ নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন।

​মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী থানার তিলছড়া গ্রামে ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই নাবালিকা ছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস।

আর এই অপরাধে তাকে সম্পূর্ণ সহযোগিতা করেন দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *