জিএম সবুজ গোপালগঞ্জ:
গোপালগঞ্জে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় শুরু হয়ে দিনব্যাপী গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এর আয়োজনে কংশুর ও এর আশপাশের এলাকার মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের কোস্টাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রাকিব আহমেদ এর সঞ্চালনায়, ব্র্যাক ফিশারিশ এন্টারপ্রাইজের সাউথ-ওয়েষ্ট অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কিংকর হালদার কর্মশালাটি পরিচালনা করেন।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, গোপালগঞ্জ অঞ্চলের ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সিনিয়র সেলস অফিসার অলোক রায়।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা বৃদ্ধি করা সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক মুনাফা অর্জন করা যায়। শুধু মুনাফা অর্জন নয় একই সাথে দেশের আমিষের চাহিদা পূরণ করা সম্ভব যদি সঠিকভাবে মাছ চাষ করা যায়।
আয়োজকরা জানান, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এর উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। যা মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও খামারিদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পানি ব্যবস্থাপনার বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ আলোচনা এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে চাষীরা তাদের অভিজ্ঞতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সাধারণ মৎস্য চাষিরা বিভিন্ন ধরনের সমস্যা মূলক প্রশ্ন করেন। সেসব সমস্যা নিয়ে তাদের সুষ্ঠু ধারণা প্রদান করা হয়।
এছাড়াও অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ভবিষ্যতে আরো বড় পরিসরে মৎস্য চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ।
