কক্সবাজারে ইয়াবাসহ শিল্পী ইদ্রিসের স্ত্রী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ (সিপিসি-২, হোয়াইক্যং)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (৭ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত শাকিলা শারমিন রেশমী (২২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল কালামের মেয়ে এবং স্থানীয় শিল্পী মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কয়েকজন মাদককারবারি বিপুল পরিমাণ অবৈধ মাদক নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব ১৫-এর একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ জুলাই হাজিরপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতরে থাকা মাদককারবারিরা একটি প্লাস্টিকের ড্রাম ফেলে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে রেশমীকে গ্রেফতার করা হয়।

পরে ড্রামটি তল্লাশি করে এর ভেতর লুকিয়ে রাখা এক লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমী মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেফতার রেশমী এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে এজাহার দাখিলের পর তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

3 thoughts on “কক্সবাজারে ইয়াবাসহ শিল্পী ইদ্রিসের স্ত্রী গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *