কায়সার হামিদ মানিক কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের চাঞ্চল্যকর কিশোর ও সেলুন কর্মী সুকান্ত (১৫) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম পলাতক আসামি হাসেম প্রকাশ মইগ্যা হাসেমকে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন লাবনী বিচ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হাসেম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগান পাড়া) এলাকার মৃত নুর আহমদের ছেলে।
র্যাব ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ চলাকালে সুকান্ত নামের ওই কিশোর সেলুন কর্মীকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সে মারা যায়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন হাসেম।
অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই আসামির বিরুদ্ধে এলাকায় মাদক চোরাচালানেরও গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে। র্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারির ভিত্তিতে লাবনী বিচ এলাকায় তার অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান চালানো হয়। গ্রেপ্তার পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাসেমকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
