নাটোর প্রতিনিধি : পাইলটিং পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুরে কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় লালপুর উপজেলার গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, পর্যায়ক্রমে দেশের সব উপকারভোগী পরিবারই ‘ফ্যামিলি কার্ড’ পাবেন। তিনি এটিকে বর্তমান সরকারের একটি বড় সাফল্য উল্লেখ করে বলেন, ইতোমধ্যে যেসব পরিবার কার্ড পেয়েছেন, তাদের মোবাইল ওয়ালেট ও ব্যাংক অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মোট ১,৮২৫টি পরিবারের ওপর জরিপ করা হয়। এর মধ্যে ৩৭৮টি পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। যেসব পরিবারের পিএমটি (PMT) স্কোর শূন্য থেকে ৮১৪ এর মধ্যে রয়েছে, তাদের এই ভাতা প্রদান করা হচ্ছে।
