পুতুলের প্রতিমন্ত্রী হওয়ায় বাগাতিপাড়ায় আনন্দ মিছিল

 

আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া, নাটোর সংবাদদাতা:
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশীদ সোনার নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা প্রতিমন্ত্রী পুতুলকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর সফলতা কামনা করেন।

আনন্দ মিছিলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় সমর্থকরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিমন্ত্রী হিসেবে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের দায়িত্ব গ্রহণ এ অঞ্চলের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মহিলা, শিশু ও সমাজকল্যাণ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“কাউকে কটাক্ষ করবেন না। আপনাদের আনন্দ যেন কারো কষ্টের কারণ না হয়। আমরা সবাই মিলে মিশে বসবাস করতে চাই।”
তার এই আহ্বান উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তাঁর নিজ নির্বাচনী এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *