শাহ্ আলম শাহী,দিনাজপুর:
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আবারও ৭ ফেব্রুয়ারি একদিনের সফরে উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগের তিনটি জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টায় দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন,বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এবার বাই রুটে নয়,বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার এয়ার যোগে রংপুর বিভাগের তিনটি জেলায় নির্বাচনী প্রচারণার অংশ নিবেন।
৭ ফেব্রুয়ারি দিন তারিখ ঠিক হলেও এখনো সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা,আবহাওয়া ও তাঁর নির্বাচনী সফর সূচি নির্ধারকদের উপর।
ডা. জাহিদ বলেন,তিনি দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলীয় মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার জনসভায় বক্তব্য দিবেন।
প্রথমে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী- ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিন নির্বাচনী প্রচারণা জনসভায় বক্তব্য রাখবেন।
এছাড়াও তিনি সময় সুযোগ পেলে দিনাজপুরস্থ তাঁর প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার,নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।
