মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন ইব্রাহিম আল-মাদানি আর নেই

পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কায় তিনি ইন্তেকাল করেন।

হারামাইন শরীফাইনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়া বিভাগের অন্যতম সদস্য ছিলেন। তিনি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য পরিচিত ছিলেন। মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান এবং ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বে থাকেন।

জানা গেছে, মসজিদুল হারামে শায়খ ইবরাহিম আল-মাদানির সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে।

১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন শায়খ ইবরাহিম আল-মাদানি। পারিবারিক পরিবেশেই তিনি পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মধ্য দিয়ে তার মুয়াজ্জিন জীবনের সূচনা হয়।

১৪২৮ হিজরিতে মদিনার মসজিদ আল-মাদ্দাহতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন তিনি। পরে ১৪৩৯ হিজরিতে আনুষ্ঠানিকভাবে তাকে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তার ইন্তেকালের খবরে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *