আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্টেশন রোড থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার স্টেশন চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. তৈয়ব আলী, ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল ইসলাম, জেলা জাগপার সভাপতি ইমরুল কায়েস রুপম, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, এনসিপির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মো. কামরুজ্জামান।
এ সময় ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশকে ঘিরে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
