পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত

পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে রাজশাহীর পুঠিয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ছিল পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলপুকুর বাইপাস এলাকায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

কর্মসূচিতে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়। একই সঙ্গে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়।

পরে বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে চারাগুলো গ্রহণ করে।

এদিন পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কান্তার বিলেও কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

কর্মসূচিগুলোতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কেবল নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *