আট দফা না মানলে এক দফার আন্দোলন: ডা. শফিকুর রহমান

১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি বিএনপি মেনে না নিলে আন্দোলন এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। আট দফা দাবি বাস্তবায়ন না হলে নেতাকর্মীদের এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি ছিল। এসব বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার অভিযোগও করেন তিনি।

দেশে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, এসব কর্মকাণ্ড বন্ধ করে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি দাবি করেন, জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে দলীয়করণের রাজনীতি সাংঘর্ষিক।

পথসভায় এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট নিয়েও তিনি বক্তব্য দেন। সংসদে বিষয়গুলো তুলে ধরার পরও সমাধান না হলে রাজনৈতিক কর্মসূচির প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও প্রধান সংগঠক সারজিস আলমসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় বক্তারা লংমার্চের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়। পথে বিভিন্ন স্থানে পথসভা শেষে দুপুরে লংমার্চের বহর হাটিকুমরুলে পৌঁছায়। পরে পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা রংপুরের উদ্দেশে যাত্রা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *