জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফরে তার সঙ্গে থাকছেন ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে চারজন মন্ত্রী রয়েছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সফরসঙ্গীদের বিষয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব।
সফরসঙ্গীদের তালিকায় দুই রাজনৈতিক নেতার নামও রয়েছে। তারা হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রাথমিক পরিকল্পনায় ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের কথা থাকলেও পরে সফরসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
সংক্ষিপ্ত সফরের সঙ্গে ছোট রাখা হয়েছে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আগের বিভিন্ন সরকারের তুলনায় এবার জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনামূলক ছোট প্রতিনিধিদল যাচ্ছে।
নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এসব বৈঠকে উন্নয়ন, মহামারি মোকাবিলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণের মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশও কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করবে। এর মধ্যে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠকের কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানানো হয়েছে।
এবি/আকা
