আনোয়ার হোসেন অপু,,বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
“রুপালি মাছে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, চায়না দুয়ারী জালের বিক্রি ও ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ জাল ব্যবহার করে যাতে অবাধে মাছ নিধন করা না হয়, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি মানুষের আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম আফজাল হোসেন, রামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজানুল হক, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোহাম্মদ ফয়জুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, যুব কর্মকর্তা মো. আব্দুস সবুর, এনসিবি সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম তপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তারিক আজিজ এবং মৎস্য চাষি মো. উজাইর।
অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
