রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন জানাজায় হাজারো মানুষের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ:
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ধর্মঘর স-মিলসংলগ্ন মেহেরগাঁও মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজনগর সরদারবাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


জানাজার আগে রাষ্ট্রের পক্ষ থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইকতার মিয়াসহ জেলা পুলিশের একটি চৌকস দল।
জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ গ্রহণ করেন।পরে দাফনকালে স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে এক হৃদয়বিদারক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিজনগর সরদারবাড়ির মরহুম আব্দুল মালেকের ছেলে এবং মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক হাজী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (দুলা মিয়া)’র ছোট ভাই।

মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা আমৃত্যু ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ধর্মঘর ইউনিয়নসহ পুরো মাধবপুর উপজেলায় শোকের ছায়া নেমে আসে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান, সাহসিকতা ও দেশপ্রেম এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ ০১৬১৭৭৮২৬১২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *