এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যা বললেন ড. জাহেদ

এশিয়ান বার্তা নিউজ

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য মাধ্যমে কটূক্তির বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এসব বক্তব্য সব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় না। ভবিষ্যতে এ ধরনের মন্তব্যকে অপরাধের আওতায় আনা হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হয়ে ২০২৭ সালের অক্টোবরের মধ্যেই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর থেকে নির্বাচন শুরু হবে এবং পরবর্তী এক বছরের মধ্যে সব ধাপের ভোটগ্রহণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ব্রিফিংয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সাম্প্রতিক অভিযোগের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *