এশিয়ান বার্তা ডেস্ক:
দেশে আরও নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও।’ এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে নিকার–এর ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিকার প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা। কুমিল্লা জেলার বর্তমান মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘বাঙ্গরা’ উপজেলা। আর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা।
এ ছাড়া প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ‘পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প’ এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলোকে ঢাকার অন্তর্ভুক্ত করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে।
