বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

 

আনোয়ার হোসেন অপু বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় বাগাতিপাড়া মডেল থানার উদ্যোগে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, তথ্য আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বাগাতিপাড়া মডেল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “আপনারা আমাকে তথ্য দিন, আমি আপনাদের একটি নিরাপদ নাটোর উপহার দেব।” তিনি আরও বলেন, “অপরাধীরা অপরাধ ছাড়, নইলে নাটোর ছাড়।”
পরে তিনি বাগাতিপাড়া মডেল থানা এলাকার রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সমাজসেবক, শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ নাগরিক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনা সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি প্রতিরোধ, ইভটিজিং, মোবাইল হ্যাকিং, অনলাইন জুয়া প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে জনসচেতনতা ও পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধীদের অপরাধের পথ পরিহার করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উদয় সাহাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *