চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে চুরি হওয়া তিনটি গরু ও একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামের এক কৃষক মুঠোফোনে তাড়াশ থানা পুলিশকে জানান, সংঘবদ্ধ চোরচক্র তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে।
খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান শুরু করে তাড়াশ থানা পুলিশ। এ সময় তাড়াশ-রানীরহাট সড়কে টহলরত পুলিশ কৌশল হিসেবে একটি ভটভটি গাড়ি হাসান রোড এলাকায় রেখে রাস্তা অবরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক ও চোরচক্রের সদস্যরা ট্রাক ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে চুরি হওয়া তিনটি গরু এবং ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া ট্রাকের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
