মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে  বৃদ্ধকে পিটিয়ে হত্যা ,আটক ২

 

মান্দা‌ (নওগাঁ)সংবাদ দাতা:

নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম তৈয়বুর রহমান মোল্লা (৬৫)। তিনি ওই গ্রামের মৃত দিনা মোল্লার ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, হাটোইর মধ্যপাড়া গ্রামের সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীন (২২)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের শিশু সন্তান শাকিল (৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম নামায়। এ নিয়ে আব্দুল মোমিন ওই বাচ্চাকে চড়-থাপ্পড় দিলে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। জের ধরে সোমবার সকালে ইমরান হোসেন ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে মোমিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দেওয়ায় মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮) আব্দুল মোমিন (২৬) ও শিশু রিয়ানকে (৮) পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় তাদের ওপর আবারো হামলা করেন প্রতিপক্ষরা। এ সময় বাধা দেওয়ায় তৈয়বুর মোল্লাকে পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তৈয়বুর মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *