আবু সাঈদ পঞ্চগড় জেলা প্রতিনিধি দেবীগঞ্জ:
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাহিত্য ও জীবনকর্ম নিয়ে আলোচনা, সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কাজী নজরুল ইসলামের নির্বাচিত বই, সনদ ও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা, শিক্ষক ও সাংবাদিক হাসান রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী।
প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাওছার আলম, স্থানীয় সমাজসেবক ও সাংবাদিক আবু সাইদ, বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. ইয়াছিন আলী ও মো. সাখাওয়াত হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, ভালোবাসা ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী হওয়ার সাহস জুগিয়েছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে নানা ধরনের বিভাজন, বিদ্বেষ ও অসহিষ্ণুতা যখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন নজরুলের সাম্য ও মানবতার শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবতার পথে এগিয়ে নিতে নজরুলের জীবন ও সাহিত্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হতে পারে।
সভাপতির বক্তব্যে নাহিদ সিদ্দিক বাপ্পী বলেন, “নজরুল শুধু একজন কবি নন, তিনি ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক অদম্য কণ্ঠ। তাঁর লেখনীতে যেমন ছিল বিদ্রোহের আগুন, তেমনি ছিল ভালোবাসা, মানবতা, সাম্য ও সম্প্রীতির গভীর আহ্বান।”
তিনি আরও বলেন, “বসুন্ধরা শুভসংঘের মূল চেতনা মানুষের পাশে দাঁড়ানো, সমাজের কল্যাণে কাজ করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। তাই নজরুলের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনা আমাদের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সঙ্গীত, হামদ-নাত, কবিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও নির্বাচিত সেরা দশ (১০) জন শিক্ষার্থীর মাঝে সনদ প্রদান ও কাজী নজরুল ইসলামের নির্বাচিত বই উপহার দেওয়া হয়। এসময় প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীরা হলেন,
নজরুল সঙ্গীত: প্রথম- ফারিহা, দ্বিতীয়- ঝুমা, তৃতীয়- শুভ্র শর্মা।
কবিতা আবৃত্তি: প্রথম- অর্পী রায়, দ্বিতীয়- তনুশ্রী রায়, তৃতীয়- সুমাইয়া, চতুর্থ- কনাশ্রী।
উপস্থিত বক্তৃতা: প্রথম- উৎপল রায়, দ্বিতীয়- মো. আলী, তৃতীয়- রুপা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রধানাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নুরুল হক নিজামী, বসুন্ধরা শুভসংঘের সদস্য প্রীতম পোদ্দার, শাখাওয়াত শাকির, জাকির হোসেন সহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সংগঠনের সদস্য, প্রতিযোগী ও শিক্ষার্থীরা।
নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
