প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
মাহদী আমিন বলেন, স্বল্পসংখ্যক সফরসঙ্গী নিয়ে নিয়মিত ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। যাওয়া-আসায় এক দিন করে এবং নিউইয়র্কে চার দিন মিলিয়ে সফরটি মোট ছয় দিনের। এ সময়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কূটনৈতিক কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ জন রয়েছেন বলে তার পোস্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তারাও দলে রয়েছেন।
মাহদী আমিন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তাদের পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। এর আগে জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তখন অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরটি বাংলাদেশের স্বার্থ ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।
মাহদী আমিনের মতে, প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি বিদেশ সফর বা জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি উদ্যোগ।
