স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকাংশেই স্বাস্থ্যখাতের উন্নয়নের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বিশেষ করে যেসব হাসপাতালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশি সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হলেও দীর্ঘ ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *